২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দলে নব্য আওয়ামী লীগারদের ভিড় বাড়ছে'

ক্ষমতাসীন দল আওয়ামী লীগে 'নব্য আওয়ামী লীগারদের' ভিড় বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগে 'নব্য আওয়ামী লীগারদের' ভিড় বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বুধবার এক আলোচনা সভায় ওবায়দুল বলেন, "ক্ষমতাসীন দলের ত্যাগী নেতারা নব্য আওয়ামী লীগারদের ভিড়ে হারিয়ে গেছে। এসব নব্যরা অবান্তর কথা বলে বিরোধী দলের হাতে ইস্যু তুলে দিচ্ছে।" দল ক্ষমতায় আসলে এসব নব্য নেতারা বঙ্গবন্ধুকে নিয়ে বাড়াবাড়ি শুরু করে দেয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "এরা রাজনীতি, ব্যবসা, বাণিজ্য, মিডিয়া ও সিভিল সোসাইটি সব জায়গায় রয়েছে।" ওবায়দুল তার ভাষায় 'নব্য আওয়ামী লীগারদের' উদ্দেশে বলেন, "১৯৭৫-এর পর আমরা যখন শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছি তখন ওরা ছিলো না। ২১ অগাস্টে, জোট সরকারবিরোধী আন্দোলনেও ছিলো না।" অনুষ্ঠানে বাড়ি রক্ষার জন্য নয়, রাজনীতিতে টিকে থাকতে জনস্বার্থে আন্দোলন করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান ওবায়দুল। দেশের বৃহৎ স্বার্থে সরকার ও বিরোধী দলের সমঝোতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাংসদ মোজাম্মেল হক, শওকত মোমিন শাজাহান, খাদিজা খাতুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০২৩ঘ.