ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর কথিত নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। তা না হলে আন্দোলনের মাধ্যমে সরকার হঠানোর হুঁশিয়ারি দিয়েছে প্রধান বিরোধী দল।
বুধবার বিকালে মুক্তাঙ্গনে পূর্বঘোষিত বিক্ষোভ-সমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ''এখনো সময় আছে, বিরোধী দলের ওপর নির্যাতনের স্টীম রোলার বন্ধ করুন। নইলে দেশ চালাতে পারবে না। আপনাদের প্রভুরাও ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না।''
সরকারের কথিত দমন-নির্যাতনের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মুক্তাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।
এছাড়া আগামী ২৪ অক্টোবর জেলা পর্যায়ে এবং ২৭ অক্টোবর থানা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল। গত ১৬ অক্টোবর দলটি এসব কর্মসূচি ঘোষণা করে।
নাটোরে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু হত্যা ও সিরাজগঞ্জে সায়দাবাদে খালেদা জিয়ার সমাবেশে ট্রেনে কাটা পড়ে মানুষ নিহত হওয়ার ঘটনার জন্য সরকারকে দায়ী করেন দেলোয়ার।
তিনি বলেন, "এভাবে ষড়যন্ত্র করে বিরোধী দলকে দমানো যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। সেখানে আজ এ সমাবেশের কাছাকাছি জলকামান এনে রাখা হয়েছে। এভাবে গণস্রোতকে দাবিয়ে রাখা যাবে না।''
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ''ক্ষমতায় থাকতে হলে জনগণের সমর্থন নিন। প্রভুদের দয়া কিংবা দমন-নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না।''
সিরাজগঞ্জের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব।'
সরকারি তদন্ত নিরপেক্ষ হবে না দাবি করে বিএনপি গত ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে সাত সদস্যের গণতদন্ত কমিশন গঠন করে।
গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হন অন্তত পাঁচজন। এতে বিক্ষুব্ধরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে ৩০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে খালেদা জিয়াকে 'উচ্ছেদের' সরকারের উদ্যোগকে 'রাজনৈতিক প্রতিহিংসামূলক' বলে অভিহিত করেন দেলোয়ার ।
তিনি অভিযোগ করেন যে, এভাবে একটি বাড়ি থেকে উচ্ছেদের উদ্যোগ আওয়ামী লীগের পলিটিক্যালি মোটিভেটেড' সিদ্ধান্ত। বিচার বিভাগের মাধ্যমে এটি করা হচ্ছে, তা দেশের মানুষের কাছে আজ পরিস্কার।
এ প্রসঙ্গে বর্তমান বিচার বিভাগ সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক-উল-হককে উদ্ধৃত করে বলেন, "সময়ে সুর মিলিয়ে রায় হচ্ছে।"
দেশের বর্তমান পরিস্থিতিকে 'সংকটজনক' আখ্যায়িত করে দেলোয়ার আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তা মানুষ জানে। এ অবস্থায় বিএনপি বসে থাকতে পারে না।
বিএনপির সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
পরিচালনা করেন অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24