২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে খাল দখল

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে দুইশ'রও বেশি 'টঙ ঘর' তুলেছে একটি বহুমুখি সমবায় সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে দুইশ'রও বেশি 'টঙ ঘর' তুলেছে একটি বহুমুখি সমবায় সমিতি। মোহাম্মদপুরে স্থানীয় কয়েকজন নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয়ে গড়ে তুলেছেন মোহাম্মদিয়া মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখি সমবায় সমিতি। এ সমিতির সদস্যরা মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড থেকে গাবতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যরে খালটিতে 'টঙ ঘর' তুলে ভাড়া দিয়েছে নিুআয়ের মানুষদের। এই খাল দিয়ে রাজধানীর ধানমণ্ডি ও মোহাম্মদপুরের পানি নিষ্কাশন হয়। খালের কিছু অংশ দখল করে দুই থেকে ছয় তলা পর্যন্ত পাকা ভবন নির্মাণও করেছে কেউ কেউ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার এ খালের অবৈধ দখল উচ্ছেদে যায় ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা ওয়াসা। এ সময় সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, ওইসব ঘরে মুক্তিযোদ্ধা পরিবার বসবাস করে। পুর্নবাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না। এ অবস্থায় প্রশাসন উচ্ছেদ অভিযান স্থগিত করে। উচ্ছেদ অভিযান পুনরায় শুরুর ব্যাপারে ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিবেদক সরেজমিনে খাল পরিদর্শনে গিয়ে পেয়েছে ভিন্ন চিত্র। 'টঙ ঘরে' বাস যাদের রামচন্দ্রপুর খালে গিয়ে দেখা গেছে, খালের পাড়ে গড়ে ওঠা ওইসব ঘরে বসবাস করছে রিকশাওয়ালা, দিনমজুরসহ নিম্মআয়ের দুই শতাধিক পরিবার। এসব পরিবারের কাছ থেকে মাসপ্রতি ভাড়াও আদায় করছে বহুমুখি সমবায় সমিতির কয়েকজন সদস্য। মোহাম্মদিয়া মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুর রব ঘড় ভাড়া দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা ওই ঘরে থাকে না বলে তারা ভাড়া দেয়।" মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে ১৯৯৮ সালে এ সমিতি গঠন করা হয় বলে জানান আবদুর রব। সরকারের কাছ থেকে সমিতির নামে সনদ মিললেও তাদের কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। খালের ওপর টঙ ঘরে বসবাসকারী রিকশাচালক মো. আরমান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমিতির নেতা রব সাহেবকে মাসে এক হাজার টাকা করে ভাড়া দেই।" এসব ঘরে মুক্তিযোদ্ধাদের পরিবার বসবাস করে কি না জানতে চাইলে তিনি বলেন, "তাদের দুই একজন এখানে থাকলেও অধিকাংশরা থাকে না। ঘরগুলোতে ভাড়াটিয়ারা থাকে।" খাল দখল করে ঘর বানিয়ে ভাড়া দেওয়া প্রসঙ্গে সমিতির সভাপতি আবদুর রব জানান, সরকার পুনর্বাসনের জন্য জায়গা দিলে এখান থেকে চলে যাবে তারা। সমিতির বর্তমান সভাপতি মিজানুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধ স্থাপনা উচ্ছেদে মুক্তিযোদ্ধারা সরকারকে সহযোগিতা করতে চায়। তবে উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের জন্য জায়গা দিতে হবে।" জেলা প্রশাসন বললে উচ্ছেদ শুরু রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান আবার শুরু প্রসঙ্গে ঢাকা ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালের মালিক জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের ব্যাপারে বললে ওয়াসা ব্যবস্থা নেবে।" তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযোদ্ধারা সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।" ওয়াসার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, এ খালের দুই পাড়ে অবৈধভাবে দুই শতাধিক বস্তি ঘর গড়ে উঠছে। এছাড়া ১৪/১৫টি দুই থেকে ছয় তলা পর্যন্ত পাকা ভবনের কিছু অবৈধ অংশ খালের মধ্যে রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও এর আশপাশের ছয়টি খাল কাঁটাসুর, কল্যাণপুর ক ও গ, শ্যামপুর, রামচন্দ্রপুর এবং হাজারিবাগ অবৈধ দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া দেয়। সে অনুযায়ী, এর আগে গত ৪ অক্টোবর মোহাম্মদপুরের কাঁটাসুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালায় প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২০০ঘ.