২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে চাঁদাবাজি কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিম নিবন্ধনে কড়াকড়িসহ সরকারের নানামুখী উদ্যোগে মোবাইল ফোনে চাঁদা দাবির ঘটনা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিম নিবন্ধনে কড়াকড়িসহ সরকারের নানামুখী উদ্যোগে মোবাইল ফোনে চাঁদা দাবির ঘটনা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মোবাইল ফোনে চাঁদাবাজি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "সিম নিয়ে যে অবৈধ ব্যবসা এবং মোবাইলে যে চাঁদাবাজি শুরু হয়েছিল তা এখন কমেছে। সরকারের ইতোমধ্যে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তা সম্ভব হচ্ছে।" সাহারা খাতুন জানান, বর্তমানে ১৮ বছরের কম বয়সীদের কাছে মোবাইল সিম বিক্রি বন্ধ রয়েছে। খুচরা বিক্রেতাদের ন্যূনতম এসএসসি পাস যোগ্যতার বিষয়টি কার্যকর করা হয়েছে। এছাড়া সিম সরবরাহকারীদের শনাক্তকারী রাখার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করায় মোবাইল ফোন অপারেটরদের ধন্যবাদ জানান তিনি। আগামীতে মোবাইলে চাঁদাবাজি পুরোপুরি নির্মুল করতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জানান সাহারা। তিনি বলেন, "এ ক্ষেত্রে অপারেটরদের কার্যকর হতে হবে। সরকারের নির্দেশ উপেক্ষা করলে অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" অবৈধ সিম ব্যবসায়ীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করতে আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশনাও দেন মন্ত্রী। তিনি জানান, দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটর ৭১২ ডিস্ট্রিবিউটর ও এক লাখ ৮৫ হাজার ১শ' খুচরা বিক্রেতার তালিকা বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) জমা দিয়েছে। শিগগির তা আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে সরবরাহ করা হবে। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি, র‌্যাব মহাপরিচালক, ছয় মোবাইল ফোন অপারেটর (টেলিটক, গ্রামীন, ওয়ারিদ, সিটিসেল, বাংলালিংক ও রবি) প্রতিনিধিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৩১ঘ.