২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর 'রক্তচক্ষু' উপেক্ষা করেছিলাম: মাহবুব

সৈয়দ আশরাফুল ইসলামের কথার জবাবে খন্দকার মাহবুব হোসেন বলছেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপদেষ্টা হওয়ার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

বরগুনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আশরাফুল ইসলামের কথার জবাবে খন্দকার মাহবুব হোসেন বলছেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপদেষ্টা হওয়ার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার বরগুনায় এক সভায় তিনি বলেন, "ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করেই ডিজিএফআই'র লিগ্যাল অ্যাডভাইজার হতে রাজি হইনি।" আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ একদিন আগে মাহবুবকে উদ্দেশ করে বলেন, "এই আইনজীবী একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দালাল হিসাবে কাজ করেছেন। ১/১১ এর পর ওই গোয়েন্দা সংস্থার কথামতো তিনি কাজ করেছেন।" আশরাফের বক্তব্যকে অসত্য দাবি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব বলেন, "একজন বিদেশি নাগরিকের এখতিয়ার নেই আমার সম্পর্কে এ ধরনের মন্তব্য করা।" বরগুনা বিএনপির নতুন কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব। সিরাজগঞ্জের ঘটনাকে নিয়ে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছে অভিযোগ করে তিনি বলেন, "সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যেভাবে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে, তা আর মুখ বুঝে সহ্য করা হবে না। বিএনপি পাল্টা জবাব দেওয়া শুরু করেছে।" "আগুন জ্বালাবেন না। নিজেদের জ্বালানো আগুনে নিজেরাই পুড়ে মরবেন", বলেন মাহবুব। বে অফ বেঙ্গল হোটেলে ওই সভায় স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৬ ঘ.