সিরাজগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জ বিএনপির আরো ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে ওই ঘটনায় ৭৫ জনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার রাতে ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সিরাজগঞ্জের ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির গণসাক্ষ্য গ্রহণ চলছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।
শুক্রবার থেকে কমিটি সাক্ষ্যগ্রহণ করছে।
সিরাজগঞ্জের সয়দাবাদে গত ১১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন নিহত হয়।
এরপর বিক্ষুব্ধরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। সে সব মামলায় সোমবার ১৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার পুলিশ জানায়।
থানার উপপরিদর্শক আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার মগবাজারের দুটি হোটেল থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি রকিবুল হাসান রতন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলমগীর আলম, জেলা শহরের মালসাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন।
ঢাকায় গ্রেপ্তার অন্যরা হলেন- শাহজাদপুর উপজেলার আজহার আলী, সাচ্চু, উল্লাপাড়া উপজেলার ওবায়েদুল্লাহ, ও রফিকুল ইসলাম টনি।
রায়গঞ্জ, সলঙ্গা ও চৌহালী থানা এলাকা থেকে অন্য সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার উপপরিদর্শক আসলাম হোসেন।
তারা হলেন- রায়গঞ্জের রুহুল আমিন ও মমতাজ, সলঙ্গার কল্লোল, আশরাফুল ইসলাম, নাসিরউদ্দিন ও দীলিপ সূত্রধর এবং চৌহালীর সানোয়ার হোসেন।
এছাড়া জেলা শহরের ভাসানী সড়ক এলাকা থেকে রোকন নামে একজনকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় আগে গ্রেপ্তার শাহজাদপুর উপজেলার গারদোহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ ১৬ জনকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
তাদের পক্ষে জামিন চাওয়া হলে বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম হাসান মাহমুদুল ইসলাম সে আবেদন নাকচ করেন।
১১ অক্টোবরের ঘটনা তদন্তে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও রেলওয়ে আলাদা দুটি তদন্ত কমিটি করে। অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রঞ্জন অধিকারীর নেতৃত্বাধীন কমিটি কয়েকদিন ধরে গণসাক্ষ্য নিচ্ছে।
দীপক রঞ্জন অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুর রশিদ লিখিত সাক্ষ্য দিয়েছেন।
৬টা পর্যন্ত আর কেউ এলে তার সাক্ষ্য নেওয়া হবে। এরপর আজকের (মঙ্গলবার) মতো সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ করা হবে।
তিনি জানান, সাক্ষ্য নেওয়ার সময় কমিটির বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুড়িয়ে দেওয়া ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের চালকসহ রেলকর্মীরা ইতোমধ্যে ওই তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছে।
সরকারি এই তদন্ত নিরপেক্ষ হবে না দাবি করে বিএনপি আলাদা একটি 'গণতদন্ত কমিশন' গঠন করে সেদিনের ঘটনা খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮০৮ ঘ.
bdnews24