ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন একটি বিশেষ গোয়েন্দা সংস্থার 'দালাল' ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সোমবার সকালে বনানী গোরস্থানে ১৫ অগাস্ট নিহতদের কবরে পুষ্পস্তবক অপর্ণের পর আশরাফ এ মন্তব্য করেন।
২০০৮ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ছিলেন বর্তমান আইনমন্ত্রী শফিক আহমেদ। তার প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী খন্দকার মাহবুব হোসেন। চলতি বছর সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে খন্দকার মাহবুব হোসেন সভাপতি নির্বাচিত হন।
সৈয়দ আশরাফ বলেন, "এই আইনজীবী (খন্দকার মাহবুব হোসেন) একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দালাল হিসাবে কাজ করেছেন। ১/১১ এর পর ওই গোয়েন্দা সংস্থার কথামতো তিনি কাজ করেছেন। ব্যারিস্টার শফিক আহমেদ সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশে গণতন্ত্র ফিরে আসতে অনেক সহায়তা করেছেন। খন্দকার মাহবুব হোসেন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে দেশে গণতন্ত্র ফিরে আসতো না।"
'দেশ এখন বাজিকরদের হাতে'- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের এই বক্তব্যের জবাবে আশরাফ বলেন, "গোলাম আজমকে যারা দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশয় দিয়েছে তারাই বাজিকর। বর্তমান সরকার দেশকে বাজিকরমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার তো আদালতে যায়নি। আদালতে গেছেন খালেদা জিয়া। তারা তাদের পক্ষে রায় পাওয়ার জন্য বার বার আদালত পরিবর্তন করেছেন। তারা তাদের পছন্দ মতো আদালতে গেছেন। আদালত অবশ্য ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছে।
তিনি আরো বলেন, আপিল বিভাগে না গেলে নির্দিষ্ট সময়েই খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, "দেশ বাজিকরদের হাতে চলে গেছে- একথা যারা বলছেন, তারা বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে পারেননি। এখন তারা স্বাধীনতা বিরোধীদের রক্ষা করার অপচেষ্টা চালাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২১৪ ঘ.
bdnews24