ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে দলে সংস্কারের প্রস্তাব যারা তুলেছিলেন, তাদের বাদ দিতে বলেছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সদস্য আতাউর রহমান খান কায়সার।
কায়সারের আত্মার শান্তি চেয়ে রোববার মিলাদ মাহফিলে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আতাউর রহমান কায়সার গত ৯ অক্টোবর মারা যান।
জরুরি অবস্থা জারির পর সঙ্কটের সময় দলে কায়সারের ভূমিকা তুলে ধরে আশরাফ বলেন, "ওয়ান-ইলেভেনের পর আতাউর রহমান খান কায়সারের বাসায় গিয়ে অনেকেই অনেক হুমকি-ধমকি দিয়েছিলেন। পরবর্তীতে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি হবে- টেলিভিশনে এরকম অনেক প্রস্তাব এনেছিলেন আমাদের অনেক নেতা। যারা সংস্কার প্রস্তাব এনেছিলেন, তাদের আওয়ামী লীগ থেকে বাদ দেওয়ার কথা বলেছিলেন আতাউর রহমান খান কায়সার।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর দলে সংস্কারের দাবি তুলেছিলেন আওয়ামী লীগের সে সময়কার বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা, যারা 'সংস্কারপন্থী' হিসেবে সংবাদ মাধ্যমে পরিচিতি পান। পরে আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের সময় নির্বাহী কমিটিতে স্থান হয়নি তাদের, স্থান পাননি শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভায়ও।
আশরাফ বলেন, "আতাউর রহমানের সাহসী ভূমিকা বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মীদের মনে সাহস জুগিয়েছিলো। তিনি ছিলেন দৃঢ়চেতা ও অকুতোভয় সৈনিক।"
মস্কোতে রাষ্ট্রদূত হিসাবে কায়সারের দায়িত্ব পালনের কথাও তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯২০ ঘ.
bdnews24