ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু এবং রেলগাড়িতে আগুনের ঘটনা আলাদাভাবে তদন্ত করবে বিএনপি। তারা মনে করছে, সরকারি তদন্ত নিরপেক্ষ হবে না।
এ জন্য একটি 'গণতদন্ত কমিশন' গঠন করা হয়েছে বলে রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপির এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত সচিব সহিদ আলম।
গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হন অন্তত পাঁচজন। এতে বিক্ষুব্ধরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
ক্ষমতাসীন দল এবং সরকারের মন্ত্রীরা বলে আসছেন, বিএনপির 'দায়িত্বহীনতার' কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। তবে বিরোধী দল এরজন্য সরকারকেই দায়ী করে আসছে।
সিরাজগঞ্জের ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের আলাদা দুটি তদন্ত দল কাজ করছে। তার বাইরেই বিএনপি এই তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিলো।
৯ সদস্যের ওই কমিশনের অন্য সদস্যরা হলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ওবাইদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, সাবেক পুলিশ সুপার আকতার আলী, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি ফাহিমা নাসরিন মুন্নী ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাসু।
আলাদা তদন্তের কারণ ব্যাখ্যা করে বিএনপি বলছে, ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু এবং রেলে অগ্নিসংযোগের বিষয়ে সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনমনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
"বর্তমান সরকার প্রশাসনের সর্বক্ষেত্রে দলীয়করণ করায় ওই ঘটনা তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে সক্ষম হবে বলে প্রতীয়মান হয় না। সে জন্য সুষ্ঠু তদন্ত ও অন্যান্য বিষয়ে প্রকৃত কারণ উদঘাটন করে তা জনসমক্ষে তুলে ধরার জন্য গণতদন্ত কমিশন গঠন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া", বলেছে বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সবার সঙ্গে আলোচনা করে, সাক্ষ্য প্রমাণা নিয়ে এবং বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করেই তদন্ত চালাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24