ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটি দেওয়া কিংবা নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীরই বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। এ বিষয়ে সরকার অথবা রাজনীতিবিদদের বিতর্কে না জড়াতে পরামর্শ দিয়েছেন তিনি।
সালাউদ্দিনের দাবি, সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসেবে খালেদা জিয়া সেনানিবাসে থাকতে পারেন। তবে একইসঙ্গে রাজনৈতিক নেতা হিসেবে খালেদার সেনানিবাসে না থাকার পক্ষপাতি তিনি। আবার তিনি চান, নগরী থেকে সেনানিবাস দূরে সরিয়ে নেওয়া হোক।
ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি খালেদাকে ছেড়ে দিতে আদালতের আদেশের পর চলমান আলোচনার মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন রোববার সাংবাদিকদের কাছে এ বিষয়ে তার মতামত তুলে ধরেন।
সালাউদ্দিন বলেন, এই বাড়িটি নিয়ে প্রধানমন্ত্রী কিংবা সরকারের মাথা ঘামানোর বিষয় নয়। এনিয়ে আমাদের রাজনীতিবিদদেরও বির্তকে যাওয়া ঠিক নয়। এটা সেনাবাহিনীর ওপরই ছেড়ে দেওয়া উচিত।
"সেনাবাহিনী যদি মনে করে, বাড়িটিতে খালেদা জিয়াকে আর থাকতে দেওয়া হবে না। তাহলে ৩০ দিনের মধ্যে নয়, তিন দিনের মধ্যেই বাড়িটি নিয়ে যেতে পারে। কারণ এ বাড়ি থেকে কাউকে উচ্ছেদে রাজউকের বুলডোজার যাবে না, সেনাবাহিনীর বুলডোজারই যাবে", বলেন তিনি।
বাড়ি নিয়ে খালেদার রিট আবেদন হাইকোর্ট খারিজ করার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক নেতারা এ বিষয়টি আদালতের বাইরে মীমাংসার প্রস্তাব রেখেছিলেন। তবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এর জবাবে শনিবার বলেন, বিষয়টি এটা আদালতে যাওয়ায় সেখানেই এর মীমাংসা হবে।
সেনানিবাসে খালেদার থাকার অধিকারের পক্ষে যুক্তি দেখিয়ে সালাউদ্দিন কাদের বলেন, "১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ওই বাড়ি তাদের সাবেক প্রধানের বিধবা স্ত্রীকে বরাদ্দ দেওয়ার জন্য একটি প্রস্তাব রাষ্ট্রপতি আবদুস সাত্তারের কাছে করেছিলেন। এর ভিত্তিতে ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়।
"সাবেক সেনা প্রধানের স্ত্রী হিসেব তার সেনানিবাসে থাকার অধিকার রয়েছে।" তবে সেনানিবাসে থাকলে খালেদার কাছে দলীয় নেতা-কর্মীদের যেতে বাধা পেতে হয়, আগের বক্তব্যের সঙ্গেই জুড়ে দেন সালাউদ্দিন।
তিনি বলেন, "একজন রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার বাড়িতে সবার প্রবেশাধিকার থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেখানে (সেনানিবাস) থাকলে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। জাহাঙ্গীর গেইটে আটকে দেয়। একটি চিঠি পর্যন্ত সেখানে পৌঁছানো যায় না।"
ঢাকা সেনানিবাসের আশপাশে আবাসিক এলাকার কথা তুলে বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, "আমি মনে করি রাজধানীর মধ্যবর্তী স্থানে কোনো ক্যান্টনমেন্ট থাকাটা ভালো নয়। ক্যান্টনমেন্ট থাকবে দূর-জঙ্গলে।"
সকালে ধানমণ্ডির বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিনের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম।
যুদ্ধাপরাধ প্রসঙ্গ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য-প্রমাণ সাজানো হচ্ছে বলে দাবি করেন সালাউদ্দিন কাদের। চট্টগ্রামের এই নেতার যুদ্ধাপরাধের সাক্ষ্য মিলছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দল ইতোপূর্বে জানিয়েছিলো। জামায়াতে ইসলামীর নেতাদের মতো সালাউদ্দিন কাদেরকেও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রসিকিউশন টিমের এক সদস্য।
সালাহউদ্দিন কাদের বলেন, "গ্রেপ্তার-আমি তো আছি-ই। অভিযোগ তো থাকতেই পারে। মইনউদ্দিন আহমেদের শাসনামলে (তত্ত্বাবধায়ক সরকারের সময়ে) খাসী ও গরু চুরি মামলায় আমাদের গ্রেপ্তার করা হয়েছিলো। আর তদন্ত ও প্রমাণের কথা বলছেন। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতির সাক্ষী দিয়েছে- শেখ ফজলুল করীম সেলিম, আবদুল জলিল, নূর আলী ও আজম জে চৌধুরী। সাক্ষীর অভাব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তেও এরকম সাক্ষী ও প্রমাণের অভাব হবে না।"
একাত্তরে নারী নির্যাতনের বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের জবাবে সালাউদ্দিন বলেন, "উনি (আইন প্রতিমন্ত্রী) বলেছেন, তার কাছে সংবাদ আছে- একাত্তর সালে নারী নির্যাতনে ঘটনার বিষয়ে। এরকম আমার কাছেও তো সংবাদ আছে, কেরানীগঞ্জে তিনি একজন প্রমোদ বালক।"
সংসদ এখন 'মুদ্রাকর সংস্থা'
পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান পুনমুদ্রণের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের বলেন, "এখন সংসদ আর আইনসভা নেই, হয়ে গেছে মুদ্রাকর সংস্থা। সংসদে স্পিকার হচ্ছেন- প্রধান মুদ্রাকর এবং আমরা (সাংসদরা) হয়ে গেছি মুদ্রণের কাজে নিয়োজিত সদস্য।
"এ বিষয়ে আমি স্পিকারের কাছে টেলিফোন করে তাকে অনুরোধ করেছিলাম, সংসদের ইজ্জত ও সম্মানটা রক্ষা করুন। তিনি বললেন- 'কী করতাম!' তাকে অনুরোধ করেছিলাম- সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাকে চায়ের দাওয়াত দিয়ে বৈঠকে বসানোর।"
'আগামী দিন ভালো নয়'
ষাটোর্ধ্ব সালাউদ্দিন কাদের চৌধুরী নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে করছেন, দেশে সঙ্কট আসছে।
তিনি বলেন, "জানি না, আর কতদিন বাঁচবো। সেজন্য বলছি, দেশের অনেক বড় বড় সমস্যা রয়ে গেছে। যেমন, পানি-বিদ্যুৎ এর অভাব, কর্মসংস্থ্ান নেই, শিক্ষাঙ্গনের অস্থিরতা ইত্যাদি। এসব সমস্যার দিকে সংসদ সদস্য ও রাজনীতিবিদদের নজর দেওয়া উচিত। অথচ এসব সমস্যা সমাধান না করে এমন সব ক্ষুদ্র ইস্যু নিয়ে আমরা রাজনীতিবিদরা ব্যস্ত হয়ে পড়েছি- যার সঙ্গে জনসাধারণের সম্পর্ক নেই।"
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, "দুঃখজনক হলে সত্য বর্তমান সংসদ প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতির দায়মুক্তি দিতে আইন পাস করেছেন। যেখানে সংসদে দুর্নীতির জন্য দায়মুক্তি আইন হয়, সেখানে কী বলব!"
চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, "আমরা রাজনীতিবিদ হিসেবে বন্দরের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছি, এটা আমাদের দুর্বলতা। কিন্তু এটাও দুর্ভাগ্যজনক যে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের দুদিন পরও সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত রাজনীতিবিদরা নিতে পারেননি।"
"তাই আমি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাবো, আপনারা মূল সমস্যার দিকে নজর দিন, আপনারা দায়িত্বশীল হোন। আমার মনে হচ্ছে, আগামী দিনগুলো ভালোভাবে যাবে না", বলেন সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এসএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24