২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের পাঁচদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ও তার দুই ছেলেকে রক্ষায় বিএনপি 'নেতিবাচক' রাজনীতি করছে অভিযোগ করে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ও তার দুই ছেলেকে রক্ষায় বিএনপি 'নেতিবাচক' রাজনীতি করছে অভিযোগ করে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবলীগ। শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মীর্জা আজম এ কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৯ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ-সমাবেশ। ২৪ অক্টোবর সব জেলা সদরে সমাবেশ। ২৫ অক্টোবর ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় বিক্ষোভ-সমাবেশ। ২৮ অক্টোবর সব উপজেলায় সমাবেশ। এছাড়া যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে মীর্জা আজম বলেন, "রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগ করে অবৈধ প্রক্রিয়ায় বেগম জিয়াকে সেনাবাহিনী প্রধানের বাড়িটি দেওয়া হয়েছিল। অবৈধ দখলে থাকা রাষ্ট্রীয় সম্পদ ক্যান্টনমেন্টের বাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।" এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২২৫০ ঘ.