২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে যে যার ধর্ম পালন করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার রয়েছে। পবিত্র কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "এখানে যে যার ধর্ম পালন করতে পারবে। প্রত্যেক ধর্মের মূল কথা-শান্তি।" শনিবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদশর্নের পর শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষেতা মানে ধর্মহীনতা নয়। সব ধর্মের মর্মবাণী হলো শান্তি। সে শান্তির লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "অনেক সমস্যা নিয়ে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হবো।" হাসিনা বলেন, বাঙালির জীবনে উৎসব আসে। সে উৎসব পালনের পরিবশে সৃষ্টি করতে হয়। এই উৎসবের পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এবার ঈদুল ফিতর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। পূজার ক্ষেত্রেও তাই হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের কর্তব্যনিষ্ঠার জন্যই শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পেরেছে সবাই। এবার পূজামণ্ডপগুলোতে সব ধর্মের মানুষের সরব উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি, এটাই বাংলাদেশ।" এর আগে বেলা তিনটার দিকে শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান, সি আর দত্ত বীর বিক্রম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত চৌধুরী এবং স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। মঞ্চে শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ। পরে শেখ হাসিনা রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এইচএ/২০০৬ ঘ.