গোপালগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক আইনজীবীদের আহ্বানের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে ফয়সালা আদালতেই হবে।
শনিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "বিরোধীদলীয় নেতার সেনানিবাসের বাড়ির বিষয়ে রাজনৈতিকভাবে ফয়সালা হওয়ার কোনো সুযোগ নেই। আইনের মাধ্যমে এর ফয়সালা করা হবে। হাইকোর্ট এরইমধ্যে এ ব্যাপারে রায় দিয়েছে।"
ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়ার নোটিশের বিরুদ্ধে খালেদার করা রিট গত বুধবার খারিজ করে হাইকোর্ট। ওই বাড়ি ছাড়তে বিএনপি চেয়ারপারসনকে এক মাস সময় দিয়েছে আদালত। সেনানিবাসের ওই বাড়িতে কয়েক যুগ ধরে থেকে আসছেন খালেদা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক নেতারা শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওই বাড়ির বিষয়টি আদালতের বাইরে রাজনৈতিকভাবে নিষ্পত্তি করার আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতা ফারুক খান চারদলীয় জোট সরকারকে 'জঙ্গিবাদ ও দুর্নীতিবাজ সরকার' হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, "তারেক রহমান ও আরাফাত রহমান ব্যাপক দুর্নীতি ও লুটপাট করেছে। দেশের মানুষ এটা পছন্দ করে না। এজন্য দেশবাসী আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।"
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) তথ্যে গত এক বছরে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি দেখা গেলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, "গত দুই দিনে চালসহ নিত্যপ্রয়োজনীয় যে কয়েকটা দ্রব্যের দাম বেড়েছিলো, তা আবার সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে।"
মন্ত্রী উপজেলা সদরের কেজি স্কুল প্রাঙ্গণে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কাশিয়ানী উপজেলা সদর, জয়নগর, শ্মশান মন্দির, ভাটিয়াপাড়া বাজার ও মুকসুদপুর উপজেলা সদরের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24