২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপির শোকসভা হয়নি

সিরাগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে নিহতদের স্মরণে দেওয়া শোকসভার কর্মসূচি পালন হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে নিহতদের স্মরণে দেওয়া শোকসভার কর্মসূচি পালন হয়নি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের শহীদ মিনার চত্বরে এই শোকসভা হওয়ার কথা ছিলো। আগের দিন একই ঘটনায় ডাকা শোক মিছিলও করতে পারেনি জেলা বিএনপি। নেতারা অভিযোগ করেছেন, পুলিশের বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেননি। পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় বিএনপির দেওয়া তিনদিনের কর্মসূচির মধ্যেও তৃতীয়দিন বৃহস্পতিবার শোকসভা করার কথা ছিলো। সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদার দাবি, এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে তার দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে। তবে প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী এ ঘটনার জন্য বিরোধীদলের 'দায়িত্বহীনতাকেই' দায়ী করেছেন। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পাঁচ সদস্যের এবং জেলা প্রশাসন চার সদস্যের কমিটি গঠন করে। ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫২ জনকে। কর্মসূচি পালন না করার ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করেও বিএনপি স্থানীয় কোনো নেতাকে পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিকাংশ নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেপ্তারের ভয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে আসতে পারেনি। তিনি দাবি করেন, তিনজনের বেশি লোককে জমায়েত হতে দেখলেই পুলিশ তাদের ধাওয়া করেছে। শহীদ মিনার এলাকায় অনুষ্ঠাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। এ কারণে কর্মসূচি পালন সম্ভব হয়নি। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক দাবি করেন, কর্মসূচি পালন করতে বিএনপির কোনো নেতাকর্মী শহীদ মিনার চত্বরে আসেনি। পুলিশ কোনো ধরনের বাধাও দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.