সুনামগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটিতে স্থান না পেয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দল সমর্থক ছাত্রলীগের একদল নেতা-কর্মীর অবরোধের কারণে বৃহস্পতিবার প্রায় আধা ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১টার দিকে ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় নতুন কমিটির সভাপতি ফজলে রাব্বীর বাড়ির সামনে রাস্তা অবরোধ করে। আধা ঘণ্টা পর তারা শহরের পৌর মার্কেটে সাধারণ সম্পাদক রফিক চৌধুরীর দোকানে ভাংচুর চালায়।
ভাংচুর শুরু হলে পুলিশ লাঠিপেটা করে ছাত্রলীগের ওই কর্মীদের হটিয়ে দেয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন করে সংঘর্ষের আশঙ্কায় শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
ফজলে রাব্বীর বাড়ির সামনে সড়ক অবরোধের সময় টায়ারে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা। সেখানে এক সমাবেশে সভাপতি রাব্বী ও সাধারণ সম্পাদক রফিককে অবাঞ্ছিত ঘোষণা করে তারা।
গত সোমবার জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। ১০ সদস্যের ওই কমিটির অধিকাংশের ছাত্রত্ব নেই বলে দাবি করেন বিক্ষোভে অংশ নেওয়া রাজন চৌধুরী ও আরমানুল হক মান্না।
টাকার বিনিময়ে কেন্দ্রীয় নেতারা এ কমিটি করেছে- অভিযোগ করে তারা এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নতুন কমিটির সহসভাপতি মোশারফ হোসেন ইমন অবশ্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে ত্যাগী নেতারা স্থান পাবেন।"
এক সহসভাপতির পদত্যাগ
কমিটি গঠনের তিন দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন কমিটির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ।
সংবাদ মাধ্যকে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি বলেন, "সহসভাপতি হিসাবে নাম দেখে আমি বিস্মিত হয়েছি। কমিটিতে যাদের নাম আছে, তাদের মধ্যে অছাত্র, ব্যবসায়ী, চাঁদাবাজ, দ্রুত বিচার মামলার আসামিরাও রযেছেন।"
নিয়মিত ছাত্র ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24