২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বিত উদ্ধার দল গঠনের চিন্তা-ভাবনা

প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে সময় লাগলো ৫০ ঘণ্টারও বেশি। এর আগে বাসটি সনাক্ত করতেই লাগে প্রায় ২৫ ঘণ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 05:54 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে সময় লাগলো ৫০ ঘণ্টারও বেশি। এর আগে বাসটি সনাক্ত করতেই লাগে প্রায় ২৫ ঘণ্টা। দুর্ঘটনার পর বাসটি সনাক্ত করা এবং লাশ ও বাস উদ্ধারে এতো বিলম্ব হওয়ায় কারিগরি দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের আমিনবাজারে সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো। দুর্ঘটনার পর বাস ও লাশ উদ্ধার কার্যক্রম বিলম্বে সরকারের 'সার্বিক সীমাবদ্ধতার' কথা স্বীকার করে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আগামীতে জলে-স্থলে এ ধরনের দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি মোকাবিলায় 'সমন্বিত বিশেষ একটি উদ্ধার দল' গঠনের চিন্তা-ভাবনা রয়েছে।" তিনি জানান, নৌ ও সড়ক দুর্ঘটনার পর উদ্ধার ব্যবস্থা আরো উন্নত করা দরকার। এজন্য প্রশিক্ষিত জনবল দিয়ে পৃথক একটি উদ্ধার দল গঠন করে আধুনিক সরঞ্জামে সজ্জিত রাখা হবে তাদের। যাতে তারা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করতে পারে। দুর্যোগ ও দুর্ঘটনা বিশেষজ্ঞরা বলছেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দক্ষতা প্রশংসা পেলেও ভবন ধস ও পানিতে নিমজ্জিত দুর্ঘটনা মোকাবিলায় কতটুকু প্রস্তুতি রয়েছে- তা ভাববার সময় এসেছে। 'সালেপুরে তুরাগ নদীতে বাসডুবির ঘটনাটি' ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে একটি 'ওয়েকআপ কল' বলে উল্লেখ করেন তারা। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নঈম মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, বাসটি নদীর তলদেশে একটি গর্তে আটকে যাওয়ায় তা উদ্ধারে এতো সময় লেগেছে। ডুবুরী চাঁন মিয়া দুর্ঘটনার ২৫ ঘণ্টা পর সোমবার দুপুরে তুরাগের তলদেশে বাসটি সনাক্ত করেন। এ বিষয়ে চাঁন মিয়ার সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে দমকল বাহিনীর সাবেক উপ-পরিচালক সেলিম নেওয়াজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে স্থানে বাসটি আটকে ছিলো তুরাগের তলদেশের ওই জায়গা যেনো একটা পকেট, তা অনেকটা পুকুরের মতো। তুরাগের পানি ঘোলা ও স্রোত থাকায় তা সনাক্ত করতে বিলম্ব হয়েছে।" দমকল বাহিনীর মহাপরিচালক শহীদুল্লাহ জানান, স্থানীয়দের তথ্যানুযায়ী নদীর ওই জয়গায় আগে একটি পুকুর ছিলো। তবে বর্তমান অবস্থায় দেখা গেছে, সেখানে পুকুর নয় একটি বড় গর্ত রয়েছে যেখানে দুর্ঘটনা কবলিত বাসটি আটকে যায়। আর সেখানে তীব্র স্রোতের কারণে চেইন কপ্পা লাগানোর কাজেও ডুবুরীদের সমস্যায় পড়তে হয়েছে। বৈশাখী পরিবহনের বাসটি উদ্ধার অভিযানে দমকল বাহিনীর ১৪ জন এবং নৌবাহিনীর ৬০ জন ডুবুরী অংশ নেন। প্রশিক্ষিত ডুবুরী ও আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তা সালেপুরের দুর্ঘটনার পর ডুবুরীদের লোকবলের পাশাপাশি দক্ষ ডুবুরী ও আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা। দমকল বাহিনীতে ডুবুরী রয়েছে মাত্র ২৫ জন। তারা সবাই শ্যালো ডাইভার। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ নৌবাহিনীরও কিছু ডুবুরী আছে। "আমাদের ডুবুরীরা শ্যালো ডাইভার হওয়ায় পানির ৩০ ফুট গভীর পর্যন্ত অনায়াসে যেতে পারে। অনেক সময় তারা ৫০ থেকে ৮০ ফুট গভীরেও যায়। তবে এজন্য তারা পরীক্ষিত নন", বলেন দমকল বাহিনীর সাবেক উপ-পরিচালক সেলিম নেওয়াজ। দমকল বাহিনীর ডুবুরীদেরকে আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "ডুবুরীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। ৩০ ফুটের নিচে পানির গভীরে যেতে আরো প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তি রাখতে হয়। কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকলে যে কোনো সময় ডুবুরীরাই দুর্ঘটনার শিকার হতে পারেন।" দমকল বাহিনীর সদস্যরা সীমাবদ্ধতার মধ্যেও খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে এক সময়ের ডুবুরি সেলিম নেওয়াজ জানান, বছর দুয়েক আগে নগরবাড়ীতে ফেরি ডুবি ও বুয়েটের তিন ছাত্র ডুবে যাওয়ার ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্ভব হয়েছিলো। সালেপুরের ঘটনায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে বিলম্ব হওয়ার প্রসঙ্গ তুলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে চৌকস একটি উদ্ধার দলের দক্ষতা চোখে পড়েনি। একইসঙ্গে দুর্ঘটনার পর উদ্ধার কাজেও ছিলো সমন্বয়হীনতা।" "এ দুর্ঘটনা আগামীর প্রস্ততির জন্য একটি বড় সতর্কবার্তা। লঞ্চ বা বাস দুর্ঘটনায় দ্রুত প্রশিক্ষিত লোকবল ও আধুনিক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে", বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাংলাদেশ বন্যার দুর্যোগ মোকাবিলায় বেশ এগিয়ে থাকলেও বড় ধরনের ভূমিকম্প, ভবন ধস, অগ্নিকাণ্ড, নৌ ও সড়ক দুর্ঘটনা মোকাবিলার প্রস্তুতিতে পিছিয়ে আছে। লঞ্চডুবি ও সড়ক দুর্ঘটনা কোনো দুর্যোগ নয় উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় দমকল বাহিনীর লোকজনকেই সবার আগে ছুটতে হয়। একই লোকবল কয়েক জায়গায় ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে কাজের সমন্বয় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি সরবরাহও নিশ্চিত করতে হবে।" দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস ছাড়া অন্য দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলার কথা আগে সরকার এতোটা অনুভব করেনি। সা