ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন এবং সিরাজগঞ্জসহ দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জরুরি যৌথসভায় বসেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ সভা শুরু হয়েছে।
এ বিষয়ে সকালে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌথ সভাটি জরুরিভাবে ডাকা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে। পরে সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তগুলো জানানো হবে।"
এর আগে বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হয়। বৈঠকে খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার ও নজরুল ইসলাম খানসহ বেশ কয়েজন জ্যেষ্ঠ নেতা অংশ নেন। ওই বৈঠকে বৃহস্পতিবার যৌথসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন ও খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা ছেড়ে দেওয়া নিয়ে উচ্চ আদালতের রায়ের বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে বুধবার রাতের বৈঠকে আলোচনা হয়।
ওদিকে, সিরাজগঞ্জের সয়দাবাদের জনসভায় ট্রেনে কাটায় হতাহতদের স্মরণে বিএনপির দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি শেষ হচ্ছে বৃহস্পতিবার। এদিন ঢাকাসহ সারা দেশে শোকসভার কর্মসূচি রয়েছে দলটির।
কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে শোকসভা।
মঙ্গলবার মুক্তাঙ্গনে দলের বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি সিরাজগঞ্জের ঘটনার প্রতিবাদে শোকমিছিল ও শোকসভার কর্মসূচি ঘোষণা করে।
এর আগের দিন সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন কাটা পড়ে অন্তত ৫ জন নিহত হয়। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অভিযোগ, এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে তার দলের কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১২১৪ ঘ.
bdnews24