চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিমান্ড আবেদনের শুনানি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে মহানগর হাকিম মাহাবুবুর রহমান বাবরের অনুপস্থিতির কারণে রিমান্ড শুনানির দিন নতুন করে ধার্য করেন।
এদিন বাবরের উপস্থিতিতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে আদালতে হাজির করানোর উপর মঙ্গলবার হাইকোর্ট দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়। এ কারণে তাকে আদালতে হাজির করা হয়নি।
তিনি জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে প্রতিবেদন দাখিল করলে আদালত আগামী ১ নভেম্বর বাবরের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।
গত ৩ অক্টোবর মহানগর হাকিম ফজলুল বারী বাবরকে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা অস্ত্র ও চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
একইদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বাবরকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
ওইদিন বাবরের আইনজীবী ১০ ট্রাক অস্ত্র মামলায় জামিনের আবেদন করলেও তা না মঞ্জুর হয়।
২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
ওই কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করে মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতেও বাবরের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২১৪ ঘ.
bdnews24