ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার জনসভার কাছে ট্রেনে কাটা পড়ে নিহত-আহতদের স্মরণে বুধবার ঢাকাসহ সারাদেশে শোকমিছিল করেছে বিএনপি।
ঢাকার মুক্তাঙ্গনে বিকাল পৌনে ৫টায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী কালো পতাকা হাতে ও বুকে কালো ব্যাজ ধারণ করে মৌন এই শোকমিছিলে অংশ নেয়। শোকমিছিলটি পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোক মিছিল শুরুর আগে মুক্তাঙ্গনে খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে এই শোকমিছিলের মাধ্যমে সরকারের জঘন্যতম হত্যাকাণ্ডের প্র্রতিবাদ জানাবো।"
শোকমিছিলকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। দুইটি রায়ট কারসহ কারা পুলিশ ভ্যানও রাখা হয় তোপখানার মোড়ে।
দীর্ঘ শোকমিছিলের কারণে নয়া পল্টন, বিজয়নগর, কাকরাইল ও বায়তুল মোকাররম মসজিদ সড়কে লম্বা যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশ থেকে বিএনপি সিরাজগঞ্জের ঘটনার প্রতিবাদে শোকমিছিল ও শোকসভার দুইদিনের কর্মসূচি ঘোষণা করে।
সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
খালেদা জিয়া দাবি করেছেন, "এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।"
শোকমিছিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাংসদ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮১৫ঘ.
bdnews24