ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকো এবং ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
বুধবার অভিযুক্তদের সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে শুনানি পেছান ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসাইন।
শুনানির নতুন তারিখ নির্ধারণ হয়েছে ৩১ অক্টোবর।
সময় বাড়ানোর আবেদনে খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর আইনজীবীরা বলেন, "এ শুনানিতে ব্যারিস্টার মওদুদ আহমেদ উপস্থিত থাকবেন। তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ নিয়ে জার্মানি গেছেন। এ কারণে তিনি শুনানিতে হাজির হতে পারেননি। তাই শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা প্রয়োজন।"
গত বছরের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। মামলা তদন্ত করে গত ১২ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আরাফাত রহমান কোকো ও সায়মনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অপর আইনজীবী।
কোকোর পক্ষে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়া হয়।
এদিকে এ সময় কোকোর বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের আবেদনের ওপর শুনানি একই কারণে চতুর্থবারের মতো পিছিয়ে যায়।
মামলার অন্য আসামি ইসমাইল হোসেন সায়মন পলাতক আছেন। তিনি সাবেক নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ সরকারি কৌশুলি মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ ব্যাংক কোকোর সিঙ্গাপুরে পাচার করা ছয় কোটি ২৪ লাখ ৮৯ হাজার ৭৮ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার জন্য গত ১২ জুলাই আবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮০৭ঘ.
bdnews24