২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর পারোল স্থগিত নিয়ে রায় ১২টায়

আরাফাত রহমান কোকোর পারোলের মেয়াদ বাড়িয়ে দেওয়ার হাইকোর্টের রায় স্থগিতে আপিল বিভাগে সরকারের করা আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টায় এ বিষয়ে রায় হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর পারোলের মেয়াদ বাড়িয়ে দেওয়ার হাইকোর্টের রায় স্থগিতে আপিল বিভাগে সরকারের করা আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টায় এ বিষয়ে রায় হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্ব বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি শেষে আদেশের এ সময় নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন মঙ্গলবার সরকারের আবেদনে শুনানির এ দিন ধার্য করেন। সকালে শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কোকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল-হক। সোমবার কোকোর পারোলের মেয়াদ আরো ২০ দিন বাড়ায় হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের মধ্যে চিকিৎসার সব কাগজপত্র জমা দিয়ে কোকো কারামুক্তির আবেদন জানালে সরকার তা বিবেচনা করতে পারে এ অভিমত দিয়ে আদালত রিট আবেদনটি নিষ্পত্তি করে। গত ২৬ অগাস্ট কোকোর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তার মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। সেই সঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণও জানতে চায়। সে সময় হাইকোর্টের এ আদেশ স্থগিতে সরকার একটি আবেদন জানায়। সোমবার কোকোর সাময়িক মুক্তির বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করার আদেশ দেয় আপিল বিভাগ। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট পারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৬ ঘ.