২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বিএনপির শোকমিছিল

সিরাজগঞ্জের সয়দাবাদের জনসভায় ট্রেনে কাটায় হতাহতদের স্মরণে বুধবার সারাদেশে শোকমিছিল করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর মুক্তাঙ্গন থেকে বিকাল ৪টায় এ মিছিল বের করার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদের জনসভায় ট্রেনে কাটায় হতাহতদের স্মরণে বুধবার সারাদেশে শোকমিছিল করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর মুক্তাঙ্গন থেকে বিকাল ৪টায় এ মিছিল বের করার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিকাল ৪টায় মুক্তাঙ্গন থেকে শোকমিছিল বের করা হবে। মিছিলে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করা হবে। মঙ্গলবার মুক্তাঙ্গনে দলের বিক্ষোভ সমাবেশ থেকে সিরাজগঞ্জের ঘটনায় বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচির প্রথম দিন বুধবার দেশব্যাপী শোকমিছিল করছে তারা। বৃহস্পতিবার দেশব্যাপী শোকসভার কর্মসূচি রয়েছে তাদের। সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার খালেদার সমাবেশস্থলের কাছে সয়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছয়জন মারা যায়। সমাবেশ আসা লোকজন রেললাইনে বসে অপেক্ষা করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এসে পড়লে তারা ট্রেনের নিচে পড়ে যায়। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সয়দাবাদে এই ছাত্র-গণজামায়েতের আয়োজন করেছিলো। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের দুই চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনের বিভিন্ন বগিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অভিযোগ, সমাবেশ বানচাল করতেই সরকার পরিকল্পিতভাবে তার দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দেয়। ওদিকে, সিরাজগঞ্জের ঘটনার জন্য খালেদা জিয়াকেই দুষছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, সরকারবিরোধী আন্দোলনের জন্য সিরাজগঞ্জের ঘটনাটিকে পুঁজি করতে চাইছে বিরোধী দল। আওয়ামী লীগ সভানেত্রী মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে খালেদাকে উদ্দেশ করে বলেন, "অশান্তি বেগমের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদের এখন লাশের দরকার, ইস্যুর দরকার। সেজন্য তারা খুন-খারাবিতে জড়িয়ে পড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩১৭ ঘ.