সিরাজগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনা এবং এর জের ধরে সহিংসতার ঘটনায় আরো ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পুলিশের বাধার কারণে বুধবার সকালে সিরাজগঞ্জে শোকর্যালী করা যায়নি বলে অভিযোগ করেছে বিএনপি।
পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, এসব মামলায় মঙ্গলবার রাতে আরো ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে খালেদার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছয়জন মারা যায়।
সমাবেশ আসা লোকজন রেললাইনে বসে অপেক্ষা করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এসে পড়লে তারা ট্রেনের নিচে পড়ে যায়।
১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সয়দাবাদে এই ছাত্র-গণজামায়েতের আয়োজন করেছিলো।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের দুই চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনের বিভিন্ন বগিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।
ট্রেনে আগুন, লুটপাট ও সহিংসতার ঘটনায় রেলওয়ে, ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব ৬টি মামলা করেছে।
এর মধ্যে বঙ্গবন্ধু পশ্চিম পাড় থানায় করা একটি মামলা বিএনপির ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
সিরাজগঞ্জ শহর বিএনপি'র সভাপতি নাজমুল হাসান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, সাবেক সংসদ সদস্য আকবর আলী, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মীর্জা বাবু, সদর উপজেলার সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা ছাত্রদল আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ন-আহ্বায়ক কায়েস ও তাকে আসামি করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে শোকর্যালি করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে সম্ভব হয়নি।"
"সকাল থেকেই দলীয় কার্যালয়ের চারদিকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশের বাধার কারণে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হতে পারেনি", বলেন তিনি।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় ধরনের সহিংস ঘটনা যেন না ঘটে সে কারণেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24