২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ঘটনায় ৬ মামলা, গ্রেপ্তার ২১

সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনা এবং এর জের ধরে সহিংসতার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনা এবং এর জের ধরে সহিংসতার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, এসব মামলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। দুর্ঘটনা তদন্তে করা জেলা প্রশাসনের কমিটি কাজ শুরু করেছে। সোমবার দুপুরে খালেদার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছয়জন মারা যায়। সমাবেশ আসা লোকজন রেললাইনে বসে অপেক্ষা করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এসে পড়লে তারা ট্রেনের নিচে পড়ে যায়। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সয়দাবাদে এই ছাত্র-গণজামায়েতের আয়োজন করেছিলো। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের দুই চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনের বিভিন্ন বগিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গ্রেপ্তারকৃত ২১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক বিমল কুমার চাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার থানায় ৩টি মামলা হয়েছে। রেলের গার্ড জিএন মুখার্জি, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও এএসআই তৌহিদ বাদি হয়ে মামলাগুলো করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ৩-৪ হাজার জনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান। সিরাজগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট মোশাররফ হোসেন বলেন, জিআরপি থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় তিনটি করে মোট ৬টি মামলা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এস আই আসলাম হোসেন বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই হাজার জনকে আসামি করে একটি মামলা করেছেন। এছাড়া সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী প্রকৌশলী কে. এম সাইফুল ইসলাম ও সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিকী বাদি হয়ে আরো দুটি মামলা করেন। রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার, তদন্ত কমিটি ও রেল বিভাগের পশ্চিমাঞ্চলের পুলিশ সুপারিনটেনডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমাবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের পুলিশ সুপারিনটেনডেন্ট মোস্তফা কামাল। মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের জানান, ট্রেনে অগ্নি সংযোগের কারণে রেলবিভাগের সাড়ে ২৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। তদন্ত কমিটির কাজ শুরু জেলা প্রশাসনের করা চার সদস্যের তদন্ত কমিটি মঙ্গরবার সকাল থেকে কাজ শুরু করেছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হতাহত, ট্রেনে আগুন দেওয়া, ক্ষয়ক্ষতি ও সরকারি কাজে নিয়োজিতদের মারধর করার বিষয়ে প্রকৃত তথ্য উৎঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। সিরাজগঞ্জ বিএনপির কর্মসূচি ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি তিনদিনের শোক কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকালে বিএনপি নেতারা ট্রেনে কাটা পড়ে নিহত সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাসিন্দা শাবান মির্জা ও সূরুতজামান জানাজা অংশ নেন। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাগবাটির হাসনা মুজিব লুৎফর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়া উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীসহ নেতাকর্মীরা। পরে তারা নিহত শাবান মির্জা, সূরুতজামান, নুরুননবী ও ফারুকের বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বুধবার শোকর‌্যালি ও কাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভার আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, থানা মামলা নাও নিতে পারে। সে আশঙ্কায় মামলা আদালতে করা হবে। সিরাজগঞ্জ শহর বিএনপি'র সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা জানান, মামলার কারণে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে দলের নেতা-কর্মীরা। অথচ বিএনপি'র ছয়জন কর্মী মারা গেল, তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ এখনো নেওয়া হলো না। তিনি আরো জানান, সিরাজগঞ্জের বাগবাটি, কামারখন্দ ও টাঙ্গাইলের গোপালপুরে ছয়জনের জানাজা হয়েছে। সিরাজগঞ্জ আওয়ামী লীগের সংবাদ সম্মেলন মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ অভিযোগ করে, বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, ট্রেনে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটিয়েছে। এতে আরো বলা হয়, মহাসড়ক ও রেলপথটি স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ তা জেনেও পরিকল্পিতভাবে বিএনপি এমন ঘটনার জন্ম দিয়েছে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা কমিটির প্রচার সম্পাদক হেলাল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার খোকন। বগুড়া রেল শ্রমিকদের বিক্ষোভ সিরাজগঞ্জে ট্রেনে আগুন ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় বগুড়ার সাতমাথায় রেল শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রতিবাদ সমাবেশে রেল শ্রমিক ছাড়াও শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অংশ নেয়। বক্তরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.