২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হুমকি: দেলোয়ারের তিন মামলা স্থগিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা তিন মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা তিন মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলা তিনটি কেন বাতিল করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণও জানাতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ দেলোয়ারের পৃথক তিন আবেদনে ওপর শুনানি শেষে এ আদেশ দেয়। গত ৩ অগাস্ট বগুড়ায়, ৪ অগাস্ট চট্টগ্রামে ও ৫ অগাস্ট সিরাজগঞ্জে মামলা তিনটি দায়ের করা হয়। গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে দেলোয়ার তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে করা তিনটি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেছে। এ মামলায়ও শওকতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযাগ আনা হয়েছে। মামলা তিনটি কেন বাতিল করা হবে না চার সপ্তাহের মধ্যে তার কারণও জানাতে বলা হয়েছে সরকারকে। গত ২৮ মার্চ ঢাকায়, ২৫ মার্চ খুলনায় ও ১ এপ্রিল টাঙ্গাইলে মামলা তিনটি করা হয়। গত ২০ মার্চ কক্সবাজারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগে শওকতের বিরুদ্ধে এসব মামলা হয়। তবে হাইকোর্ট একই অভিযোগে শওকতের বিরুদ্ধে করা আরেকটি মামলা বাতিলের আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। গত ২৫ মার্চ ঢাকায় শওকতের বিরুদ্ধে এ মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৯৪৯ ঘ.