২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুরে জামায়াতে ইসলামী নেতা মো. কামারুজ্জামানের ভাইসহ ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

শেরপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে জামায়াতে ইসলামী নেতা মো. কামারুজ্জামানের ভাইসহ ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, দুর্গাপূজাকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কামারুজ্জামানের বড় ভাই শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মো. কফিল উদ্দিন (৫৯), জামায়াত কর্মী শেরপুর শহরের খরমপুর মহল্লার জুয়েল (৪৬), ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মালিঝিকান্দা গ্রামের মো. নূরুন্নবী (৫০) ও সেক্রেটারি উপজেলা সদরের মো. আব্দুল হাকিম (৪২), শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহরের বাগরাকসা মহল্লার মো. আব্দুল জলিল (৫৮), জামায়াত সদস্য সদর উপজেলার টাংগারিয়াপাড়া গ্রামের মো. মোকাররম হোসেন (৩২), নালিতাবাড়ী উপজেলা জামায়াতের কর্মী দেবীকুড়া গ্রামের মোস্তাক ফারুক (৩৩), একই গ্রামের খায়রুল ইসলাম (৩০) ও শ্রীবরদী উপজেলা জামায়াতের সাবেক আমির পোড়াগড় গ্রামের মো. নূরুজ্জামান বাদল (৪০)। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, শেরপুর সদর থানা ও গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে আর্ট লাইন নামের একটি সাইন বোর্ড লেখার দোকানে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৬টি ব্যানার উদ্ধার করে। জামায়াতের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জামায়াত-শিবিরের আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করে এসব ব্যানার লেখা হয়। আর্ট লাইন'র মালিক শহরের উত্তর গৌরীপুর মহল্লার ফজলুল হক শাহীনকে আটক করে পুলিশ। পুলিশ কর্মকর্তা জানান, শাহীনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে কামারুজ্জামানের ভাইসহ ৯ জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শেরপুর সদর থানার ওসি মো. আক্রাম হোসেন জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার বিকালে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত চেয়ে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালত বুধবার আবেদনের শুনানির দিন ধার্য করে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.