২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি নেতা মন্টু ঘোষ জামিনে মুক্ত

পোশাকশিল্প খাতে অরাজকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মন্টু চন্দ্র ঘোষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাকশিল্প খাতে অরাজকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মন্টু চন্দ্র ঘোষ। সোমবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। মন্টু ঘোষের আইনজীবি অ্যাডভোকেট হরিচন্দ্র বৈরাগী ও প্রদীপ ঘোষ সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহিরুল হক তার (মন্টু ঘোষ) জামিন মঞ্জুর করেন। মন্টু ঘোষের পক্ষে দুটি জামিন আবেদন আদালতে দাখিল করা হয়। আবেদনে বলা হয়, গুলশান থানায় দায়ের করা মামলাটির শুনানির ধার্য তারিখ আগামী ১২ অক্টোবর। কিন্তু আসামি মন্টু ঘোষ অসুস্থ। তাই আজ (সোমবার) অনির্ধারিত দিনে শুনানির আবেদন করে জামিনের জন্য প্রার্থনা করা হলো। দুপুর ২টার দিকে মামলার শুনানি শেষে আদালত মন্টু ঘোষের জামিন মঞ্জুর করেন। এরপর বিকাল ৫টার দিকে মন্টু ঘোষ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বলে তার আইনজীবীরা জানান। ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকরা গত ৩০ জুলাই রাজধানীর মহাখালী ও গুলশান এলাকায় ভাংচুর চালায়। এ মামলায় ওই রাতেই গোয়েন্দা পুলিশ মন্টু ঘোষকে তার নারায়ণগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে মন্টু ঘোষকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, আদাবর ও আশুলিয়া থানা এলাকায় পোশাক কারখানায় হামলা, ভাংচুর, সড়ক অবরোধ, উচ্ছৃঙ্খলতার মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় তাকে কয়েক দফায় ১০দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.