নাটোর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেন দুর্ঘটনাকে 'পরিকল্পিত' দাবি করে 'খুনি সরকারকে রুখে দাঁড়ানোর' আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার রাতে নাটোরের বনপাড়া বাজারে নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর স্মরণসভায় তিনি এ কথা বলেন।
শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু।
নাটোরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগকর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে বিএনপির অভিযোগ।
সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, "সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করেছে। এটা কোনো দুর্ঘটনা নয়।
"এই খুনি ও মানুষ হত্যাকারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের কাছে খুনিদের বিচার পাওয়া যাবে না। তারা খুনিদের লালন করছে। শাওন এমপিকে তারা লালন করছে।''
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে সোমবার বিকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক ছাত্র-গণজমায়েতে যোগ দেওয়ার আগে দিনাজপুর থেকে আসা একটি আন্তঃনগর ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
সানাউল্লাহর ওপর 'সন্ত্রাসী' হামলার নিন্দা জানিয়ে জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এখন আর জানাজা পড়া নয়। আমাদের এ সরকারকে হঠাতে প্রস্তুত হতে হবে।"
'গামা হত্যা মামলায় মুক্তিপ্রাপ্তদেরও ধরা হবে'
নাটোরে গামা হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া প্রসঙ্গে খালেদা বলেন, "বিএনপি ক্ষমতায় আসলে তাদেরও ধরা হবে।"
"আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে," বলেন তিনি।
ঢাকায় মঙ্গলবারের বিক্ষোভ-সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান খালেদা। তিনি বলেন, "ওই কর্মসূচি আপনাদের সবাইকে পালন করতে হবে।"
সানউল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাজধানী ঢাকায় বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি রয়েছে।
এর আগে খালেদা জিয়া সিরাজগঞ্জ থেকে সড়কপথে সরাসরি নাটোরে সানাউল্লাহ নুর বাবুর শোকাগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বনপাড়ার বাড়িতে আসেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়।
সিরাজগঞ্জের সমাবেশ শেষ করে খালেদা জিয়া সড়কপথে সন্ধ্যা ৭টায় সরাসরি নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাবুর বাড়িতে আসেন। তিনি বনপাড়ায় সানাউল্লাহর গ্রামের বাড়িতে গিয়ে নিহতের স্ত্রী মহুয়া নূরকে সান্ত্বনা দেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপিকা সারোয়ারি রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর যুব দলের সভাপতি শরিফুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাবুর বাড়ি থেকে বেরিয়ে খালেদা জিয়া বনপাড়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজিত এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারকে হত্যাকারী ও ষড়যন্ত্রকারী বলে অভিহিত করে বলেন, "তারা সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে। দেশে আমদানি-রপ্তানি নেই। বিনিয়োগ নেই। মানুষের কর্মসংস্থান নেই।"
"আওয়ামী লীগ সরকার ভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছে," অভিযোগ করে খালেদা বলেন, "তারা সংসদকে অকার্যকর করে রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি করতেও বাধা দেওয়া হয়। মানববন্ধন করতে দেওয়া হয় না। তাহলে বিএনপি কি আঙ্গুল চুষবে।"
এ সমাবেশে ফজলুর রহমান পটল ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন।
নাটোরের বক্তব্য শেষে খালেদা জিয়া রাত সোয়া ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/পিডি/২১১৪ ঘ.
bdnews24