২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরাজগঞ্জের দুর্ঘটনা বিরোধী দলের হামলার ফল'

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দল পরিকল্পিতভাবে হামলা চালানোর সময় সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দল পরিকল্পিতভাবে হামলা চালানোর সময় সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে। যোগাযোগমন্ত্রী সোমবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।" ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। সোমবার দুপুরে সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে সমাবেশ শুরুর ঘণ্টাখানেক আগে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে চারজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। হামলার অভিযোগ করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, "বিএনপি অরাজকতা সৃষ্টির জন্য ট্রেনে আগুন দেয়। এ সময় তাদের কর্মীরা ট্রেনের মাস্টারকে মারধর করে। ট্রেন ভারি যান হিসেবে দ্রুত থামানোর সুযোগ নেই। এ জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।" ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সয়দাবাদ মাঠে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল আয়োজন করে ছাত্র-গণজমায়েত। খালেদা জিয়া এ ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন। যোগাযোগমন্ত্রী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। ঘটনার পরই রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন বলেও জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮০৫ ঘ.