সিরাজগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদে ট্রেন 'দুর্ঘটনার' জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সয়দাবাদের সমাবেশে সরকারকে দায়ী করে সোমবার বিকালে খালেদা বলেন, "এ সমাবেশ বানচাল করতেই ইচ্ছাকৃতভাবে তারা এ দুর্ঘটনা ঘটিয়েছে।"
তিনি 'দুর্ঘটনায়' প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেন। নিহতদের আত্মার শান্তিকামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান খালেদা।
সোমবার দুপুরে সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে সমাবেশ শুরুর ঘণ্টাখানেক আগে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে তিনজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সয়দাবাদ মাঠে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল আয়োজন করে ছাত্র-গণজমায়েত।
সমাবেশ শুরু হয় বিকাল ৪টার দিকে। সাড়ে ৪টায় শুরু করে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন খালেদা। তিনি সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24