মুন্সীগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম ও শাহ মোয়াজ্জেম হোসেনকে আদালত তলব করা হয়েছে।
সোমবার মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. রবিউল আলম তাদেরকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অজয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা নিশ্চিত করেন।
গত ১ অগাস্ট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ জুলাই পল্টনের মুক্তাঙ্গনে বিএনপির এক বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন।
ওই সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।"
পরদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়। ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ মাসুদ ও স্টাফ রিপোর্টারকে এই মামলায় সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24