সিরাজগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার দুপুরে সিরাজগঞ্জে আসছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিংয়ের পাশের মাঠে ছাত্র-গণ জমায়েতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
দুপুর ২টায় অনুষ্ঠেয় এই জমায়েতে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকু।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শহীদ জেহাদ দিবস উপলক্ষে এই ছাত্র-গণ জমায়েতের আয়োজন করা হয়েছে।
জমায়েত সফল করার লক্ষ্যে জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কিছুদিন থেকেই গণসংযোগসহ প্রচার চালিয়ে আসছে।
এর মধ্যে জমায়েতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়ায়েতস্থলে আজ (রোববার) সকাল থেকে থেকেই পুলিশ রয়েছে। সোমবারও জমায়েতস্থলের নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে।
র্যাব-১২ এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শহীদুল্লাহ বলেন, খালেদা জিয়ার জমায়েত উপলক্ষে র্যাবের বিশেষ টহল থাকবে।
১৯৯০ সালে ১০ অক্টোবর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলনেতা নাজির উদ্দিন জেহাদ ঢাকায় শহীদ মারা যান।
জেহাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রামে। প্রতিবছরের মতো এবারও ১০ অক্টোবর উল্লাপাড়ায় জেহাদ দিবস পালিত হয়।
বিএনপি নেত্রী খালেদা জিয়া রোববার উল্লাপাড়ার কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিলো। তবে খালেদার সফরসূচি একদিন পিছিয়ে সয়দাবাদে এই ছাত্র-গণ জমায়েতের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24