২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের আহ্বান দেলোয়ারের

বর্তমান সরকারকে 'নব্য স্বৈরাচার' অভিহিত করে এর বিরুদ্ধে নব্বইয়ের মতো গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে 'নব্য স্বৈরাচার' অভিহিত করে এর বিরুদ্ধে নব্বইয়ের মতো গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি এ আহবান জানান। দেলোয়ার বলেন, ''নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো এই সরকারের বিরুদ্ধেও আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এই প্রশ্নে আমাদের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, সেদিকে নজর রাখতে হবে।'' এজন্য তিনি দলের নেতা-কর্মীদের সংগঠিত হতেও বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জেহাদ স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এই দিনে ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ রাজধানীতে পুলিশের গুলিতে নিহত হন। এর আগে সকালে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনগুলো দৈনিক বাংলার মোড়ে জেহাদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এ উপলক্ষে সোমবার সিরাজগঞ্জের সায়েদাবাদ বাসস্ট্যাণ্ডে ছাত্রদল আয়োজিত এক ছাত্র গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এরশাদের ক্ষমতা দখলকে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করে বিএনপি মহাসচিব বলেন, তিনি ১৯৮২ সালের ২৪ মার্চ একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে হটিয়ে বঙ্গভবন দখল করে সামরিক শাসন দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেন। ওই সময় খালেদা জিয়া সামরিক শাসনের বিরুদ্ধে গণআন্দোলনে নেতৃত্ব দেন বলে তিনি উল্লেখ করেন। ওই সময় এরশাদ সরকারকে বৈধতা দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনে যারা অংশ নিয়েছিলো, দেশের মানুষ ভুলে যায়নি বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, যারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে না, তারাই ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিলো। তিনি দাবি করেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব গণতন্ত্রের বদলে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো। জিয়াই দেশে বহুদলীয় গণতন্ত্র পূর্ণপ্রবর্তন করে আওয়ামী লীগে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। প্রবীন এই সাংসদ দ্বিতীয় সংসদের কথা উল্লেখ করে বলেন,'' জিয়াউর রহমানের সময়ে রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছিলো। আজ তারা জিয়ার বিরুদ্ধে কথা বলে।'' জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, শিক্ষক কর্মচারি ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়া, নব্বইয়ের আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবীর খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জেহাদের বড় বোন খন্দকার চামেলী মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.