২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন নিলেন পবন

গুলশানে বোমা বিস্ফোরণের মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে বোমা বিস্ফোরণের মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবন। মাদক নিরাময় কেন্দ্র মুক্তির গুলশান শাখায় চিকিৎসাধীন পবন রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক ১৫ দিনের জন্য ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। গত ২৩ ফেব্র"য়ারি বিএনপির গুলশান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী পবনকেও এ মামলায় আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। পবন হাইকোর্টে হাজির হয়ে এ মামলায় জামিন চাইলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। পবন জামিনের আবেদনে বলা হয়, তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়। যার কারণে তিনি মানসিক ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেন। এ মামলায় উদ্দেশ্যপ্রণোতিভাবে পবনকে জড়ানো হয় বলেও আবেদনে বলা হয়। গত বুধবার তার আইনজীবীরা আদালতে পবনের চিকিৎসা সনদপত্র জমা দিয়ে বলেছিলেন, পবন মাদক নিরাময় কেন্দ্র মুক্তি হাসপাতালের গুলশান শাখায় চিকিৎসাধীন। তাই তিনি আদালতে হাজির হতে পারেননি। চিকিৎসাধীন সনদপত্রে উল্লেখ, পবন মাদকাসক্ত হয়ে গত ২৪ জুলাই এ নিরাময় কেন্দ্রে ভর্তি হন। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় প্রদীপ সাহা নামে একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ গুলশান থানায় মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তারই এ ঘটনায় পবনের সংশ্লিষ্টতার কথা জানায় বলে পুলিশের দাবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৭২৬ ঘ.