নাটোর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে নাটোরে বিএনপির ডাকা হরতাল কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে, তাদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
অন্যদিকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রিকন আলী ওরফে রাসেল ওরফে রাপ্পু ওরফে রাক্কুকে গ্রেপ্তার করেছে। রিকন এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার আসামি।
রোববার বিকালে তাকে বড়াইগ্রাম আমলী আদালতে হাজির করে পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানায় পুলিশ। সোমবার আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু শুক্রবার খুন হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
হরতালে নাটোর শহর ও বড়াইগ্রাম উপজেলায় যানবাহন চলেনি, দোকান-পাটও ছিল বন্ধ। বিএনপি নেতা-কর্মীরা মিছিল-মানববন্ধন করেছে। সরকারি অফিস, ব্যাংক, বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও লেনদেন হয়নি।
ভোর ৬টা থেকে নাটোরের সঙ্গে ঢাকা, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়ার যান চলাচল বন্ধ থাকে। জেলার অভ্যন্তরে যান চলাচলও বন্ধ ছিল। বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনগুলি নাটোরের বিভিন্ন প্রান্তে আটকা পড়ে।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
সকাল সাড়ে ৯টায় বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি একরামুল আলমের নেতৃত্বে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থক বনপাড়া বাজার থেকে উপজেলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বনপাড়া চার রাস্তা মোড়ে শোকসভা হয়।
সভায় বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে বাবুর খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায়ই বাবু নিহত হন।
এতে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি সভাপতি একরামুল আলম, সাধারণ সম্পাদক হযরত আলী, যুবদল নেতা ঈমান আলী, সরদার রফিক, আলম হোসেন ও মোজাম্মেল হোসেন।
শোকসভার পর বিএনপি নেতা-কর্মীরা নাটোর-পাবনা সড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন রচনা করেন। বাবু যেখানে নিহত হয়েছিলেন, নাটোর-পাবনা সড়কের সে স্থানে অবস্থান করেন তার দলের সমর্থকরা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতা-কর্মী রোদের মধ্যে সানাউল্লাহ নূরের জন্য আহাজারি করেন। এতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।
বনপাড়ায় পুলিশ ও র্যাব সদস্যরা টহলে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি শান্ত আছে।
তবে জেলা শহরে পুলিশ বিএনপি নেতা কর্মীদের হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করতে দেয়নি। সকাল থেকে অর্ধ শতাধিক পুলিশ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয়। শহরের অনান্য মোড়ে মোড়েও পুলিশ মোতায়েন করা হয়। তবে লোকজন নিজের থেকে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালন করছে।
নাটোর শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিলো। জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার সাংবাদিকদের বলেন, নাটোরবাসী শতভাগ সফল হরতাল পালন করেছে। এ জন্য তিনি নাটোরবাসীকে ধন্যবাদ জানান।
তবে মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি।
এদিকে নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আব্দুল হান্নান জানিয়েছেন, বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিকন আলী নামে একজনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
বাবুর স্ত্রী মহুয়া নূর কচি শনিবার রাতে মামলা করার পরই ছাত্রলীগকর্মী রিকনকে গ্রেপ্তার করা হয়।
মামলার আসামিরা হলেন- নাটোর জলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, তার ভাই কে এম জামিল হোসেন ও কে এম জিল্লুর রহমান জিন্নাহ (উপজেলা ছাত্রলীগ সভাপতি), আশরাফুল, মোয়াজ্জেম হোসেন বাবলু, মাসুদ সোনার, খোকন মোল্লা, সৈকত, রেজাউল করিম রিপন (উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি), তার ভাই রিকন ওরফে রাসেল ওরফে রাপ্পু ওরফে রাক্কু, সেলিম, হাসেম, বাদশা, হাসেম-২, গৌতম ঘোষ, শফিকুল ইসলাম (উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক), রিপন সোনার, মালেক, মাহবুব, জনি, আশরাফুল ইসলাম মিঠু, হাবিব, আব্দুল মোমিন, বাবলু মোল্ল
bdnews24