২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার যেন মিডিয়া ট্রায়াল না হয়'

যুদ্ধাপরাধের সুবিচার দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এই বিচার যেন মিডিয়া ট্রায়াল না হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 06:35 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের সুবিচার দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এই বিচার যেন মিডিয়া ট্রায়াল না হয়। শনিবার দুপুরে বনানীর নিজ কার্যালয়ে দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ''যুদ্ধাপরাধীর অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। আমরা এই বিচারের পক্ষে। তবে সুবিচার হতে হবে। এই বিচার যেন মিডিয়া ট্রায়াল না হয়, তা খেয়াল রাখতে হবে।'' এ বছর থেকে ১০ নভেম্বর গণতন্ত্র দিবস হিসেবে পালন করার কথা জানিয়ে তিনি বলেন, "১৯৮৬ সালের ১০ নভেম্বর নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিল। এরপর আর সেনাশাসন আসেনি।" জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "মৃত্যুর পর আমি আমার দলে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চাই। "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান নেই। তারাও তাদের দলে বেঁচে আছেন। আমিও তাদের মতো আমার দলে চিরদিন বেঁচে থাকতে চাই।" আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি দলের জনসমর্থন বাড়ানোর জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর দাবিও পুনর্ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/ডিডি/০০২৭ ঘ.