২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে কাউকে ছাড় নয়: আশরাফ

নাটোরে উপজেলা চেয়ারম্যান খুনের জন্য বিএনপি ক্ষমতাসীন দলকে দায়ী করার প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ওই ঘটনায় তার দলের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে উপজেলা চেয়ারম্যান খুনের জন্য বিএনপি ক্ষমতাসীন দলকে দায়ী করার প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ওই ঘটনায় তার দলের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে সানাউল্লাহ নূর বাবু হত্যাকারীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান বাবু (৩৮)। তিনি বনপাড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন। আশরাফ শনিবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "নাটোরের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তা দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।" এ প্রসঙ্গে পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলার পর যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের কারাগারে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে দু'দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চাইছে। এর জবাবে আশরাফ বলেন, "আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাই না। আমরা বিরোধী দলকে সংসদে দেখতে চাই।" 'দেশ এখন বাজিকরদের হাতে'- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আশরাফ বলেন, "দেশে সংসদ আছে, গণতন্ত্র আছে এবং আইনের শাসন আছে।" স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে তিনি নির্বাচন কমিশনে যাবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের একক প্রার্থী দিতে উদ্যোগী নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আশরাফ বলেন, "আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচার যেন দ্রুত হয়।" "যখন যেখানে যুদ্ধাপরাধীদের পাওয়া যাবে, সেখানেই তাদের বিচার করতে হবে", কোনো ব্যাখ্যা না দিয়েই একথা বলেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে বলে আশরাফ মনে করছেন, যদিও সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসেবেই চালের দাম চড়া। আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক হয় ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে। এর পর বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান আশরাফ। রংপুরকে বিভাগ করায় রংপুর জেলা আওয়ামী লীগকে উ'ভাগ করে মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আশরাফ। অন্য জেলাগুলোর বিষয়ে আশরাফ বলেন, "প্রায় সব জেলাতেই সম্মেলন হয়ে গেছে। যেসব জেলার সম্মেলন হয়েছে, সেগুলোর কমিটি জমা দেওয়া হয়েছে। অচিরেই কমিটিগুলো অনুমোদন দেওয়া হবে।" সাধারণ সম্পাদক জানান, শনিবার বিকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা তার সরকারি বাড়ি গণভবনে জেলা কমিটিগুলো নিয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন। আগামী সপ্তাহ থেকে শেখ হাসিনা বিভিন্ন জেলার কার্যনির্বাহী সংসদের সব সদস্য এবং উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শুরু করবেন বলে আশরাফ জানান। কক্সবাজার জেলা দিয়ে এ মতবিনিময় শুরু হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ-সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আশরাফ আরো জানান, আগামী শীত মৌসুমে প্রতিটি বিভাগীয় শহরে মহাজোটের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস এবং ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনের কর্মসূচি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমআই/১৯০০ ঘ.