ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি রোববার দেশের সব জেলা ও থানা শহরে বিক্ষোভ করবে।
শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, রোববার সারাদেশে বিক্ষোভের পর মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানী ঢাকায় বিক্ষোভ করবে বিএনপি।
শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় বাবু (৩৮) নিহত হন বলে অভিযোগ উঠেছে।
বাবু বনপাড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন।
হামলায় বিএনপির আরো অন্তত ৪০ নেতাকর্মী আহত হন। এ ঘটনার ছবি তুলতে গেলে চার সাংবাদিককে পিটিয়ে জখম করা হয়। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা।
বিএনপির অভিযোগ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
হামলার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার নাটোরে পূর্ণদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24