২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের ঘৃণার চোখে দেখুন: কামরুল

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে 'ঘৃণার' চোখে দেখার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে 'ঘৃণার' চোখে দেখার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার শিশু-কিশোরদের এক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে। কামরুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে 'ঘৃণার' চোখে দেখতে হবে। তোমরা (শিশুরা) তাদেরকে 'থুথু' দেবে। আর 'তুই রাজাকার' বলে ডাকবে।" তিনি আরো বলেন, "ইতোমধ্যে চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।" বিরোধী দল বিএনপি এবং জামায়াতের উদ্দেশে তিনি বলেন, "আন্দোলন-সংগ্রাম করে যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করা যাবে না।" প্রতিমন্ত্রী বলেন, "১৯৭১ সালে যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো। কিন্তু ঘাতকরা বিচারের হাত থেকে রেহাই পায়নি। বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত বাকি আসামিদের শাস্তি কার্যকর করা হবে।" সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, "বঙ্গবন্ধু শিশু-কিশোরদের খুবই ভালোবাসতেন। সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করতে হবে। এজন্য তোমরা তার (বঙ্গবন্ধু) সম্পর্কে জানতে পড়ালেখা করবে। "দেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নাগরিক প্রয়োজন। আশা করি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের এ কর্মীরা সেভাবেই গড়ে উঠবে।" সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক দূর্গাদাস ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ কেএমএস/১৫৩৯ ঘ.