চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব শোয়েব আহম্মেদ।
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তিনি জবানবন্দি দেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক ১৬৪ ধারায় দেওয়া সোয়েব আহম্মেদের ২০ পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক এবং খালাসের সময় শোয়েব আহম্মেদ শিল্প মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সার কারখানা।
আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জবানবন্দিতে শোয়েব আহম্মেদ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও অতিরিক্ত সচিব নুরুল আমিনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন।
ঘটনাটি শিল্পমন্ত্রীকে অবহিত করা হলে তাকে চুপ থাকতে বলা হয় বলে জবানবন্দিতে শোয়েব উল্লেখ করেন।
মঙ্গলবার বিসিআইসি'র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে তৎকালীন শিল্পমন্ত্রী, শিল্প সচিব, অতিরিক্ত শিল্প সচিব ও সিইউএফএল কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে তথ্য দেন।
এর আগে এনএসআই'র সাবেক পরিচালক, তৎকালীন দুই ডিআইজি ও সিএমপি কমিশনার সাক্ষী হিসেবে আাদলতে জবানবন্দি দেন।
এসব সাক্ষ্যের আলোকে রোববার তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24