২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সাংসদের সদস্যপদ বাতিলে লিগ্যাল নোটিশ

জয়পুরহাট-১ আসনের বিএনপি সাংসদ মো. মোজাহার আলী প্রধানের সদস্য পদ বাতিলের অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সেখানকার এক বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট-১ আসনের বিএনপি সাংসদ মো. মোজাহার আলী প্রধানের সদস্য পদ বাতিলের অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সেখানকার এক বাসিন্দা। বৃহস্পতিবার ওই নির্বাচনী এলাকার ভোটার মো. কাউছারুজ্জামানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিব বরাবর এ নোটিশ পাঠান । মনজিল মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবম সংসদ নির্বাচনে সম্পদের বিবরণীতে মিথ্য হলফনামা দিয়ে মনোনয়ন দাখিল করেন মোজাহার আলী। তথ্য গোপন করায় তার সংসদ সদস্যপদ বাতিল যোগ্য। নোটিশে অভিযোগ করা হয়, মোজাহার আলী হলফনামায় জানান যে জয়পুরহাট শহরে তার একটিমাত্র বাড়ি রয়েছে। কিন্তু এর বাইরেও পৌরসভায় তার চারটি বাড়ি (হোল্ডিং নম্বর ৫৯৪, ৫১৭, ৪৪৯ ও ৪৮৯) রয়েছে। মনোনয়নপত্রে তিনি এ তথ্য গোপন করেছেন। মনজিল মোরশেদ বলেন, নোটিশের জবাব দিতে সংশ্লিষ্টদের তিনদিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সদস্যপদ বাতিল করা না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে নোটিশে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার ডাকযোগে নোটিশ পাঠানো হলেও বিকেল পর্যন্ত তা নির্বাচন কমিশনে পৌঁছেনি বলে জানান ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (আইন) এন আই খান। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে মোজাহার আলী প্রধান ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ ৬৪ হাজার ৮২০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের খাজা সামছুল আলম এক লাখ ৩০ হাজার ৫২৯ ভোট পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২০৪০ ঘ.