ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামীর গ্রেপ্তার দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে রাজধানীর পল্টন থানা পুলিশ দুই দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থানায় আনা হয়।
তিনি বলেন, গত ফেব্র"য়ারি মাসে পুলিশের কাজে বাধাদান এবং পুশিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় দুই জামায়াত নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রায় দুই মাস আগে আদালত এই রিমান্ড মঞ্জুর করে। কিন্তু অন্য মামলায় তারা রিমান্ডে থাকায় এবং সময় ও সুযোগ না থাকায় তাদের এতদিন পুলিশ হেফাজতে নেওয়া সম্ভব হয়নি।
কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিকাল চারটার দিকে আদালতের নির্দেশ দেখিয়ে পল্টন থানা পুলিশ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে দুই দিনের হেফাজতে নিয়ে যায়।
একাত্তরে গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা এক মামলায় গত ১৩ জুলাই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/১৮৩৮ ঘ.
bdnews24