ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোভাযাত্রা ও জনসভা এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ করে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারওয়ার স্বাক্ষরিত ওই বিধিমালার গেজেট মঙ্গলবার প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয় রেখে পৌরসভা নির্বাচনের আচরণবিধি তৈরি করা হয়েছে। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালার মতো ইউনিয়নেও পথসভা ও ঘরোয়া সভা করার অনুমতি দেওয়া হয়েছে।
নতুন আচরণবিধিতে মিছিল ও শোডাউনের ওপর বিধিনিষেধ কঠোর করা হয়েছে।
আচরণবিধি লংঘনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "তৃণমূল পর্যায়ে আচরণবিধি পালিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণে নির্বাচন কমিশন নিজস্ব পর্যবেক্ষক দল নিয়োগ করবে।"
আচরণবিধিতে যা বলা হয়েছে
নতুন আচরণবিধিতে বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো মিছিল বা শোডাউন করা যাবে না বা প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে তা সংগ্রহ বা জমা দিতে পারবে না।
মেয়র প্রার্থীরা প্রতি ২০ হাজার ভোটার হারে একাধিক নির্বাচনী কার্যালয় স্থাপন করতে পারবে, তবে তা পাঁচটির বেশি হবে না। কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডে একটি নির্বাচনী কার্যালয় স্থাপন করতে পারবেন। তবে নির্বাচনী কার্যালয়ে কোনো টেলিভিশন, ভিসিআর, ভিসিডি ও ডিভিডি ব্যবহার করা যাবে না।
নির্বাচনী পোস্টারে প্রার্থীর ছবি ও নির্বাচনী প্রতীকের বাইরে কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রীর ছবি বা দলের নাম ব্যবহার করা যাবে না। পোস্টারের নিচে সংশ্লিষ্ট ছাপাখানার ঠিকানা ও পোস্টার-সংখ্যা উল্লেখ থাকতে হবে। প্রচারণায় প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য সম্বলিত শার্ট, জ্যাকেট বা ফতুয়া ব্যবহার করা যাবে না।
নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো পানীয় বা খাদ্য পরিবেশন এবং ভোটারদের উপঢৌকন বা বকশিস দেওয়া যাবে না।
কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্যকোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না।
তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় কোনো উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন, অর্থ অবমুক্ত বা দেওয়া যাবে না বলেও আচরণবিধিতে উল্লেখ করা হয় ।
গত ২৮ সেপ্টেম্বর সংসদে সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১০ পাস হয়।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ কিছুদিন আগে সংসদে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন করা সম্ভব হবে। এ বক্তব্যের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারও একমত হন।
দেশে তিনশ'র বেশি পৌরসভার মধ্যে ২৭২টির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সর্বশেষ ২০০৮ সালের ৪ অগাস্ট সাতটি পৌরসভার নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/পিডি/২১০৫ ঘ.
bdnews24