২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধ বিচারে খালেদার অবস্থান স্পষ্ট করা প্রয়োজন'

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে না বিপক্ষে তা জাতির কাছে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে না বিপক্ষে তা জাতির কাছে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সচিবালয়ের নিজ কার্যালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা বলেন। তিনি বলেন, "বিরোধীদলীয় নেতা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তিনি জাতিকে বিভ্রান্ত করছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে না বিপক্ষে তা জাতির কাছে স্পষ্ট করা প্রয়োজন।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শামসুল হক বলেন, "৪০ বছর পর দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এ কাজ সুষ্ঠুভাবে শেষ করতে সরকার বদ্ধপরিকর।" "বাধা বিপত্তি আসলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মতো যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই," বলেন তিনি। প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) একটি প্রতিনিধি দল। বিএসটিএমপিআইএ'র সভাপতি আব্দুল তাহিদ মজুমদার জানান, তারা দেশে অবৈধভাবে বিদেশি বস্ত্রপ্রবেশ বন্ধ ও টেক্সটাইল শিল্পের নিরাপত্তার দাবি জানান। এছাড়া রাজধানীর যানজট নিরসনের ব্যাপারেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৩৬ ঘ.