২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর রিট আবেদনের রায় ১১ অক্টোবর

আরাফাত রহমান কোকোর পারোল বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর আগামী ১১ অক্টোবর রায় দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 10:04 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর পারোল বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর আগামী ১১ অক্টোবর রায় দেবে আদালত। বুধবার রিট আবেদনটির ওপর শুনানি গ্রহণ শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করেন বিচারপতি মো. আবদুল ওহ্হাব মিয়া ও বিচারপতি গাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ। শুনানি শেষে কোকোর কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "কাউকে কোনো অধিকার দিলে কারণ না দেখিয়ে তা ফিরিয়ে নেওয়া যায় না। ২০ বার কোকোর পারোলের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু কোনো কারণ না দেখিয়ে তাকে দেশে ফিরতে আসতে বলা হয়েছে।" সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোকোর সাময়িক মুক্তি আদেশ বহাল রাখে। গত ২৬ অগাস্ট কোকোর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তার মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। সেই সঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণও জানতে চায়। সে সময় হাইকোর্টের এ আদেশ স্থগিতে সরকার একটি আবেদন জানায়। সোমবার কোকোর সাময়িক মুক্তির বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করার আদেশ দেয় আপিল বিভাগ। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট প্যারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০০ ঘ.