২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতির পথ তৈরি করতে বিদ্যুতের বিশেষ বিধান'

সরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির প্রস্তাব গ্রহণের এখতিয়ার দিয়ে সংসদে পাস হওয়া আইনের সমালোচনা করে বিএনপি বলেছে, এতে দুর্নীতি বাড়বে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির প্রস্তাব গ্রহণের এখতিয়ার দিয়ে সংসদে পাস হওয়া আইনের সমালোচনা করে বিএনপি বলেছে, এতে দুর্নীতি বাড়বে। 'বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান)-২০১০'কে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলেরও দাবি জানিয়েছে তারা। গত ৩ অক্টোবর সংসদে পাস হওয়া ওই আইনের বলে সরকার ও সরকারি মালিকানার প্রতিষ্ঠান প্রয়োজনে বিদেশ হতে বিদ্যুৎ বা জ্বালানির আমদানি ও তার সঞ্চালন, পরিবহন ও বিপণন সংক্রান্ত পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে পারবে। এ আইনের অধীনে কোনো কার্য, ব্যবস্থা, প্রদত্ত আদেশ বা নির্দেশের বৈধতা নিয়ে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। একই সঙ্গে ওইসব কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়মুক্তির বিধানও রাখা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি সংসদ বর্জন করে আসছে। বিল পাসের সময়ও তারা সংসদে ছিলো না। বিএনপি মহাসচিব বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "এ আইন জনস্বার্থবিরোধী। এটি লুটপাটের একটি হাতিয়ার। আমরা মনে করি, এ আইনের মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে। আমরা জনস্বার্থবিরোধী ও অস্বচ্ছ এ আইন অবিলম্বে প্রত্যাহার বা রহিত করার আহ্বান জানাচ্ছি।" "নইলে আমরা ধরে নেব, সরকার দুর্নীতি করতেই এ আইন প্রণয়ন করেছে", বলেন তিনি। নতুন আইনের বিষয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল-টিআইবির বিরোধিতার কথা তুলে ধরে দেলোয়ার বলেন, "আইনে ৯ ও ১০ ধারায় আদালতে প্রশ্ন না তোলার এবং দায়মুক্তির যে সব বিধান রাখা হয়েছে- তা আপত্তিকর। আমরা মনে করি, এতে দেশের ক্ষতি হলেও তার কোনো জবাবদিহিতা থাকবে না।" বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার গৃহীত ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পেও দেশের অর্থের অপচয় হচ্ছে। সংসদে গিয়ে এ আইনের বিরোধিতা করেননি কেন- জানতে চাইলে দেলোয়ার বলেন, "সংসদে বিরোধী দল যাক, সরকারি দল তা চায় না। আমরা না থাকলে তাদের সুবিধা হয়। চলতি অধিবেশন আজ শেষ হচ্ছে। বিরোধী দলের দেওয়া ২৫টি মুলতবি প্রস্তাবের একটিও স্পিকার গ্রহণ করেননি। তা হলে আমরা সংসদে কীভাবে যাবো?" সংবিধান পুনর্মুদ্রণের বিষয়ে প্রতিক্রিয়া সংবিধান পুনর্মুদ্রণের বিষয়ে দেলোয়ার বলেন, "সংবিধান সংশোধন কিংবা কোনো ধারা সংযোজন বা প্রতিস্থাপন সব কিছুই করার এখতিয়ার সংসদের। অন্য কোনো প্রতিষ্ঠান ও সংস্থার আদেশে সংবিধান সংশোধন কিংবা কোনো ধারা প্রতিস্থাপন করা যায় না।" সংবিানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালতের রায়ের পর প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সংবিধান পুনর্মুদ্রণের জন্য গত সপ্তাহে সরকারের প্রতি আহ্বান জানান। এরপর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হবে। এর সঙ্গে দ্বিমত পোষণ করে দেলোয়ার বলেন, "সংবিধান কীভাবে সংশোধন কিংবা কোনো ধারার সংশোধনী বা প্রতিস্থাপন বা বিয়োজন বা সংযোজন করা যাবে, তা সংবিধানেই স্পষ্টভাবে উল্লেখ আছে। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত সংবিধানে যত সংশোধনী হয়েছে, তা জাতীয় সংসদই করেছে। আদালতের রায়ের মাধ্যমে হয়নি, হওয়ার কোনো সুযোগ সংবিধান কাউকে দেয়নি।" তিনি বলেন, "বিচারকরা বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। আমি মনে করি, দেশের সর্বোচ্চ আইন সংবিধান সম্পর্কে সবার চিন্তা-ভাবনা করে কথা বলা উচিৎ।" সংবাদ সম্মেলনে দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি রাজিয়া ফয়েজ, উপদেষ্টা পরিষদের সদস্য এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৯ ঘ.