ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বহাল থাকছে।
প্রায় দুই বছর ধরে বিদেশে অবস্থানরত গ্যাটকো মামলার আসামি কোকোর সাময়িক মুক্তির মেয়াদ সরকার না বাড়ানোর সিদ্ধান্ত নিলে এ রিট আবেদন করা হয়।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওহ্হাব মিয়া ও বিচারপতি গাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার ছোট ছেলের মুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ দেয়।
গত ২৬ অগাস্ট কোকোর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তার মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। সেই সঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণও জানতে চায়।
সে সময় হাইকোর্টের এ আদেশ স্থগিতে সরকার একটি আবেদন জানায়। সোমবার কোকোর সাময়িক মুক্তির বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করার আদেশ দেয় আপিল বিভাগ।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট প্যারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার।
মঙ্গলবার কোকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24