ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারে 'বাকশালী ভূত' আছর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আ স ম হান্নান শাহ বলেন, "বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে এক দলীয়ভাবে দেশ পরিচালনা করছে। জনগনের স্বার্থ বিসর্জন দিয়ে তারা তাদের প্রভু রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যস্ত।"
শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের উদ্যোগে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের শতভাগ জাতীয়করণের দাবির আন্দোলনে বিএনপি সমর্থন জানাবে বলে তিনি জানান।
হান্নান শাহ অভিযোগ করেন, প্রভু রাষ্ট্রের স্বার্থ রক্ষার অংশ হিসেবে ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ বিভিন্ন চুক্তি করেছে। ওই সব চুক্তি দেশের স্বার্থ বিরোধী।
তিনি বলেন, "একইভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সরকার বাংলাদেশী সৈন্য আফগানিস্তানে পাঠানোর অপচেষ্টা করছে। যদিও সরকার তা অস্বীকার করছে।''
বিরোধী দলের বিরুদ্ধে মামলা-হামলার ঘটনা তুলে ধরে হান্নান শাহ বলেন, "আমাদের নেত্রী জনগনকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। এ সরকারকে বিদায় না করা গেলে দেশে গণতন্ত্র থাকবে না।''
সরকারি দল ও অঙ্গসংগঠনের ব্যাপক সন্ত্রাস, চাঁদাবাজীর ঘটনায় সরকারের মনোভাবের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে।"
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, অলিউল্লাহ নোমান, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের মগিসউদ্দিন মাহমুদ, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ কেএমএস/১৫১৪ ঘ.
bdnews24