২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় পরিচয় নিয়ে সন্ত্রাস করলে ব্যবস্থা: টুকু

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বহু অভিযোগের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বললেন, আওয়ামী লীগের পরিচয় দিয়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 08:28 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বহু অভিযোগের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বললেন, আওয়ামী লীগের পরিচয় দিয়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি মঙ্গলবার সচিবালয়ে এক সভার পর সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের পরিচয়ে যাদের কারণে মানুষের শান্তি বিনষ্ট বা জানমালের ক্ষতি হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যেই নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। "ইতোমধ্যেই অনেকে কারাগারে আছে অথবা কারাগারে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। অতীতে কোনো সরকারের সময় এমন ব্যবস্থা নেওয়া হয়নি", বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর নিজের জেলা পাবনায়ই তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ রয়েছে। জঙ্গিবাদবিরোধী তৎপরতা পর্যালোচনায় ওই সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা জোরদার নিয়ে আলোচনা হয়। জঙ্গি তৎপরতার জন্য বিগত চারদলীয় জোট সরকারকে দায়ী করে প্রতিমন্ত্রী বলেন, "চারদলীয় জোট সরকার আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে জঙ্গিবাদ আনা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে দেশে ২১ অগাস্টের গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ড হতো না।" অভিযুক্ত করলেও জঙ্গিবাদ নির্মূল করতে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন টুকু। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতেও একই প্রত্যাশা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জঙ্গিবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট সবাইকে আরো তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪২২ ঘ.