নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের স্বেচছাসেবক লীগ নেতা সোহেল হত্যা মামলার সাক্ষীর স্ত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে ফতুল্লার রেলস্টেশন এলাকার বাড়ি থেকে সাক্ষী কাজলের স্ত্রীকে অপহরণ করা হয়।
গত মার্চ মাসে সদর উপজেলার ফতুল্লা রেল স্টেশন এলাকায় কয়েকজন চিহ্নিত দুুর্বৃত্ত সোহেলকে খুন করে। কাজল ওই হত্যা মামলার ২ নম্বর সাক্ষী।
কাজলের শাশুড়ি জাহানারা বেগম ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগে জানান, গত কয়েকদিন থেকে র্যাব পরিচয় দিয়ে ০১৭১৭৬৭১৬৭২ মোবাইল ফোন নম্বর থেকে কাজলের কাছে চাঁদার দাবি করে হুমকি দিয়ে আসছিল।
শনিবার রাত ২টার দিকে ৪/৫ জন অপরিচিত লোক ঘরে ঢুকে কাজলকে খোঁজে। তাকে না পেয়ে তার স্ত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
কাজল যাতে আদালতে সোহেল হত্যা মামলায় সাক্ষী দিতে না পারে সেজন্য তাকে চাপে রাখতে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করছে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কাজলের শাশুড়ি জাহানারা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫১ ঘ.
bdnews24